ট্রিপ লিখব কীভাবে? দ্রুত ট্রিপ আর বুকিং-এর পার্থক্য কী?
হোম → ট্রিপ হিসাব → +। দুটো ধরন:
দ্রুত ট্রিপ — ট্রিপ হয়ে গেছে, এখন হিসাব তুলবেন: কোথা থেকে কোথায়, ভাড়া, খরচ, কত জমা পেলেন — একবারে লিখে শেষ।
বুকিং — আগাম ভাড়া ঠিক হয়েছে: বুকিংয়ে অ্যাডভান্স লিখুন → মাল লোডের দিন "শুরু করুন" → পৌঁছে "শেষ করুন"-এ বাকি টাকা আর পথের খরচ। প্রতিটা ধাপের সময় নিজে থেকে টাইমলাইনে জমা হয়।
যেমন: সোমবার ফোনে ঠিক হলো বৃহস্পতিবার চট্টগ্রামের ট্রিপ, অ্যাডভান্স ৫,০০০ — বুকিং করলেন; বৃহস্পতিবার লোড দিয়ে শুরু, শুক্রবার পৌঁছে বাকি ১৫,০০০ আদায় — পুরো গল্পটা এক ট্রিপের পাতায়।
নিজের গাড়ি ছাড়া (ভাড়ার গাড়ি দিয়ে) ট্রিপ লেখা যায়?
যায় — অনেকেই ভাড়া করা ট্রাক দিয়ে ব্যবসা করেন। গাড়ির ঘরে "গাড়ি ছাড়া" বাছুন, আর "গাড়ি ভাড়া খরচ" ঘরে মালিককে যা দিচ্ছেন তা লিখুন — লাভের হিসাব ঠিক থাকবে। এমন ট্রিপে প্রতি ট্রিপ ছোট একটা সার্ভিস চার্জ (default ৳২) মাসিক বিলে যোগ হয় — লুকানো কিছু নয়, ফর্মেই হলুদ নোটে আগে থেকে দেখানো হয়।
যেমন: ক্লায়েন্টের ২০,০০০ টাকার ভাড়া, আপনি বাইরের ট্রাক আনলেন ১৪,০০০-এ — ট্রিপে "গাড়ি ছাড়া" + গাড়ি ভাড়া খরচ ১৪,০০০; নিট লাভ ৬,০০০ (− অন্য খরচ) নিজে থেকেই হিসাব হলো।
ট্রিপে ড্রাইভার দেব কীভাবে?
ফর্মে গাড়ির নিচেই ড্রাইভার (ঐচ্ছিক) ড্রপডাউন — তালিকা থেকে বেছে নিন। দিলে ট্রিপের পাতায় ড্রাইভারের নাম আর এক-চাপে কল বাটন থাকবে; কোন ড্রাইভার কোন ট্রিপ করেছে তা-ও ইতিহাসে থাকে। না দিলেও ট্রিপ দিব্যি চলে — একদম ঐচ্ছিক।
যেমন: রাস্তায় ক্লায়েন্ট ফোন দিল "মাল কোথায়?" — ট্রিপ খুলে ড্রাইভারের নামের পাশের কল বাটনে চাপ, সরাসরি করিমকে ফোন; নম্বর খুঁজতে হলো না।
টন-প্রতি রেটে ভাড়া হয় — হিসাবটা কীভাবে করব?
ট্রাকের ভাড়া প্রায়ই "টন-প্রতি এত" চুক্তিতে হয়, তাই ফর্মে ওজন (টন) আর রেট/টন ঘর আছে — দুটো দিলেই মোট ভাড়া নিজে থেকে বসে যায় (দরকারে হাতে বদলানোও যায়)। পাশে চালান নং — দিলে ক্লায়েন্টের ইনভয়েসে ওজন, রেট আর চালান নম্বর সুন্দর করে ছাপা হয়।
যেমন: ১২.৫ টন সিমেন্ট, রেট ৳১,৮০০/টন — লিখতেই মোট ভাড়া ২২,৫০০ বসে গেল; ইনভয়েসে গেল "১২.৫ টন × ৳১,৮০০/টন, চালান নং ৪৫৬৭" — ক্লায়েন্টের হিসাবের সাথে হুবহু মিলবে।
ছাড়, কমিশন, গাড়ি ভাড়া, ড্রাইভার খোরাকি — এগুলো কোথায় লিখব?
সব ফর্মেই আছে, আর সবগুলো ধরে নিট লাভ নিজে থেকে হিসাব হয়:
• ছাড় — মোট ভাড়ার পাশে; নীট ভাড়া = মোট − ছাড়, বাকি-জমাও নীটের ভিত্তিতে।
• কমিশন — দালাল/এজেন্টের নাম + টাকায় (ফিক্সড) বা মোট ভাড়ার %।
• গাড়ি ভাড়া খরচ — বাইরের গাড়ি আনলে মালিককে যা দেন।
• ড্রাইভার খোরাকি — এই ট্রিপে ড্রাইভারের খরচা/বেতন।
যেমন: ভাড়া ২০,০০০, ছাড় ৫০০, দালালের কমিশন ৫%, খোরাকি ১,৫০০, পথখরচ ৩,০০০ → নিট লাভ = ১৯,৫০০ − ১,০০০ − ১,৫০০ − ৩,০০০ = ১৪,০০০ — এক পয়সাও অনুমানে না, সব ঘরে ঘরে লেখা।
ক্লায়েন্টকে ইনভয়েস পাঠাব কীভাবে?
ট্রিপের পাতায় ইনভয়েস — প্রতিটা ট্রিপের জন্য একটা ছোট লিংক তৈরি হয় (যেমন amar-auto.com/trip/AB7K2M) — SMS বা WhatsApp-এ পাঠিয়ে দিন। ক্লায়েন্ট লিংক খুলে দেখবে আপনার ব্যবসার নামসহ পুরো বিল: রুট, মাল, ওজন, চালান নং, ভাড়া, ছাড়, কত জমা-কত বাকি, প্রতিটা পেমেন্টের ইতিহাস, এমনকি ম্যাপও। নিজেই A4 প্রিন্ট বা ছবি হিসেবে সেভ করতে পারবে।
যেমন: মাস শেষে পার্টির অফিস বিল চাইল — লিংকটা পাঠিয়ে দিলেন, তারা প্রিন্ট করে ফাইলে রাখল; আপনার কাগজ বানানোর ঝামেলাই নেই।
ট্রিপের বাকি টাকা পরে কিস্তিতে আদায় করলে কোথায় লিখব?
ট্রিপের পাতায় বাকি আদায় বাটন — যতবার খুশি চাপুন, প্রতিবার কত পেলেন আর কোন অ্যাকাউন্টে (নগদ/ব্যাংক/বিকাশ) লিখুন। প্রতিটা পেমেন্ট তারিখসহ তালিকায় জমা হয় — ট্রিপের পাতাতেও, ক্লায়েন্টের ইনভয়েসেও; বাকি শূন্য হলে ট্রিপ "পরিশোধিত"।
যেমন: ২০,০০০-এর ভাড়ায় অ্যাডভান্স ৫,০০০ + ডেলিভারিতে ১০,০০০ + দশ দিন পর বিকাশে ৫,০০০ — তিনটা পেমেন্টই আলাদা লাইনে; পার্টি বললে "কবে কত দিয়েছি?" — ইনভয়েস খুলেই দেখিয়ে দিন।
কোন রুটে বা কোন ক্লায়েন্টে লাভ বেশি — বের করা যায়?
যায় — ট্রিপ পাতার রিপোর্ট আইকনে চাপুন: তারিখের রেঞ্জ বেছে নিলে গাড়ি-ভিত্তিক, রুট-ভিত্তিক আর ক্লায়েন্ট-ভিত্তিক আয়-খরচ-লাভের ভাঙচুর দেখাবে। আর ক্যালেন্ডার আইকনে মাসের গ্রিডে সব ট্রিপ — কোন দিন কোন গাড়ি ব্যস্ত, কোনটা ফাঁকা।
যেমন: রিপোর্টে দেখলেন ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রিপপ্রতি লাভ ৯,০০০ কিন্তু ঢাকা-সিলেটে মাত্র ৩,৫০০ — ফেরার মাল পাওয়া যায় না বলে; এরপর সিলেটের ভাড়া বলার সময় সেটা মাথায় রাখলেন।